বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলায় বাড়ির পুকুরে ডুবে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু হুরায়রা সিদ্দিকী ওই এলাকার মাওলানা আবু সাঈদ সিদ্দিকী আরমানের ছেলে।

নিহতের স্বজন জাহেদুল ইসলাম জানান, দুপুরে বাবার সঙ্গে বাড়ির পুকুরে গোসল করতে নামে আবু হুরায়রা। একপর্যায়ে বাবার অগোচরে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দিমা বড়ুয়া বলেন, ‘দুপুর পৌনে ২টার দিকে আবু হুরায়রা নামে পানিতে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়েছে।’

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top