চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে বালুভর্তি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রুবেল ও আরমান একটি মোটরসাইকেলে করে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। কেরুনতলী ফরেস্ট অফিসের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ডাম্প ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনায় রুবেল ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকের চালক পালিয়ে গেলেও পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি শনাক্ত করে আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





