চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চুয়েটের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। তাদের দুজনের বাড়িই সিলেটে। অর্ণব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং শান্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে অর্ণব ও শান্তসহ কয়েকজন শিক্ষার্থী গোসল করতে হলসংলগ্ন পুকুরে যান। একপর্যায়ে দুজন পুকুরের মাঝামাঝি অংশে সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে উদ্ধারকারী দল তৎপরতা শুরু করে। প্রায় ২০ মিনিটের মধ্যে অর্ণবকে এবং আরও প্রায় ৪৫ মিনিট পর শান্তকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাদের চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এর আগে, কিছুদিন আগেও চুয়েটে খেলাধুলা শেষে পুকুরে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছিল। এর পর আবারও একই ধরনের ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





