চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে হাম ও হামের উপসর্গে শিশুদের আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫ শিশু।
বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিত হাম আক্রান্ত আরও একজন শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ৮৮৫ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছে ৮৪ শিশু। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৪১ জন। একই সময়ে ৮৭৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ৮৪৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ১২৫ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪৬৯ জনের।
এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





