ইউসিবির সাবেক চেয়ারম্যান এম এ সবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চাটগাঁ নিউজ ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম এ সবুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. হাসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মামলায় আদালতে হাজির হয়ে সময় চেয়ে আবেদন করেছিলেন এম এ সবুর। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার সূত্রে জানা যায়, গত ১৭ মে হাইকোর্টের একটি বেঞ্চ এম এ সবুরকে আট সপ্তাহের মধ্যে চট্টগ্রামের জ্যেষ্ঠ মহানগর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই আদেশের পর ৯ জুলাই তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

দুদকের অভিযোগ, হাইকোর্টে আগাম জামিনের আবেদন করার সময় মামলার অভিযোগপত্র দাখিল হয়নি—এমন তথ্য উপস্থাপন করা হয়েছিল। তবে এর আগেই গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান ৩৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

পরবর্তীতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। দুদকের পিপি মোকাররম হোসাইন বলেন, অভিযোগপত্র দাখিলের বিষয়টি গোপন করেই হাইকোর্ট থেকে আগাম জামিনের আদেশ নেওয়া হয়েছিল।

দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়। পরে ব্যাংকের কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।

মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী, ইউসিবির সাবেক চেয়ারম্যান এম এ সবুরসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। মামলায় সাক্ষী রয়েছেন ৯২ জন। এরই মধ্যে ২৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top