চাঁদাবাজি মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান জানান, চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২ আগস্ট চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহর আদালত পৃথক মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়।

গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় তৈরি এলজি ও অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগও তদন্ত করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top