চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের ব্যস্ত রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭।
সোমবার (১০ আগস্ট) রাতে গোপন তথ্যের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালানো হয়। অভিযানে ভবনটির কয়েকটি কক্ষে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেটের সন্ধান পায় র্যাব।
র্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই ভবনে অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন কক্ষে মজুত করে রাখা বিদেশি সিগারেটগুলো জব্দ করা হয়।
তিনি বলেন, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এসব সিগারেট অবৈধভাবে আমদানি ও বাজারজাত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
চাটগাঁ নিউজ/এমকেএন





