নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে শুরু জেলেদের মাছ ধরা

চাটগাঁ নিউজ ডেস্ক: তিন মাস ১৫ দিনের নিষেধাজ্ঞা শেষ করে কাপ্তাই হ্রদে আবারও শুরু হয়েছে জেলেদের মৎস্য আহরণ। মাছ আহরণকে ঘিরে জেলে, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে হ্রদে মাছ ধরার ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

এর আগে, কাপ্তাই হ্রদের মৎস্যসম্পদের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি, মজুদ ও ভারসাম্য রক্ষায় গত ২৫ এপ্রিল থেকে ৩১ জুলাই পর্যন্ত সব ধরনের মৎস্য আহরণ, বাজারজাত ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়।

নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই সোমবার বিকেল থেকে জেলেরা জাল ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে হ্রদের বিভিন্ন এলাকায় মাছ ধরার উদ্দেশ্যে জেলেপল্লী থেকে নৌযানে রওনা দেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৬টা থেকে রাঙামাটি ফিশারিঘাটসহ বিভিন্ন মৎস্য অবতরণকেন্দ্রে জেলেদের নৌকা আসার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে মাছ আহরণ শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে হ্রদপাড়ের জেলেপল্লিগুলোতে। মাছ সংরক্ষণের জন্য প্রস্তুত হয়েছে বরফকলগুলো। পাশাপাশি মৎস্য ব্যবসায়ীরাও মাছ কেনাবেচার জন্য নানা প্রস্তুতি নিয়েছেন।

রাঙামাটি মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের (বিএফডিসি) বর্তমান ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ ফয়েজ আল করিম বলেন, কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছ আজ (মঙ্গলবার) থেকে সারাদেশে বিপণন শুরু হবে। এ জন্য বিএফডিসি কর্তৃপক্ষ পুরোদমে প্রস্তুতি নিয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top