চাটগাঁ নিউজ ডেস্ক: আজ চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান রয়েছে মাঝারি পর্যায়ে। এরই মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে আজ সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের কয়েকটি স্থানে এ সময় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, বৃষ্টির এ প্রবণতা আগামীকালও অব্যাহত থাকতে পারে।
চাটগাঁ নিউজ/এমকেএন





