চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, বাসি ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখা এবং খাবারে শিল্পকারখানায় ব্যবহৃত লবণ ব্যবহারের অভিযোগে তিনটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১১ আগস্ট) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযানে গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্টে রান্না ও খাবার সংরক্ষণের ক্ষেত্রে চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। সেখানে বিক্রির উদ্দেশ্যে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ দধি, বাসি গ্রিল এবং আগে রান্না করা মাংস সংরক্ষণ করা হচ্ছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। অস্বাস্থ্যকর ফ্রিজে কাঁচা মাছ-মাংসের পাশাপাশি বাসি তরকারি ও রান্না করা মাংস সংরক্ষণ করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে হাজির চুইঝাল ওরস বিরিয়ানি ও মেজবান বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘর ও খাদ্য সংরক্ষণ ব্যবস্থায় ব্যাপক অপরিচ্ছন্নতা পাওয়া যায়। এছাড়া খাবার তৈরিতে সাধারণ ভোজ্য লবণের পরিবর্তে শিল্পকারখানায় ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের প্রমাণ মেলে। এ কারণে প্রতিষ্ঠানটিকে আরও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





