ঈদগাঁওয়ে ডাকাত ধরতে গিয়ে ছুরিকাহত যুবক, আটক ১

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে বসতঘরে ডাকাতির সময় ছুরিকাহত শাহাদত আনোয়ার শিবলী প্রকাশ বাবু (২৬) জীবনের ঝুঁকি নিয়ে এক ডাকাতকে ধরে ফেলেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক ডাকাতকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোর রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বাবু ডাকাতির শিকার বসতঘরের মালিক আব্দুল মালেকের ছেলে বলে জানা গেছে।

ডাকাতির শিকার পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে হঠাৎ বসতঘরের দ্বিতীয় তলার দরজার তালা ভাঙার শব্দে বাবুর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, একদল ডাকাত বাড়িতে হানা দিয়েছে। এ সময় বাবু ডাকাত ডাকাত বলে চিৎকার করে তাদের প্রতিরোধে এগিয়ে গেলে এক ডাকাত তার বুক লক্ষ্য করে ছুরিকাঘাত করে।

বাবু হাত দিয়ে ছুরির আঘাত প্রতিহত করার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি এক ডাকাতকে ঝাপটে ধরে ফেলেন। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। এতে বাবুর ডান হাত গুরুতর জখম হয়।

আহতের চাচা সরওয়ার জানান, পালিয়ে যাওয়া ডাকাতরা বাবুর মোবাইল ফোন, হাতের আংটি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়।

প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, আহত যুবকের চাচা সরওয়ারের ফোনে ডাকাতির খবর পেয়ে তিনি স্থানীয় লোকজন নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। পরে আহত বাবুর অবস্থা গুরুতর দেখে নিজের গাড়িতে করে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করে আটক ডাকাতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার ডাকাত আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় পরে জানানো হবে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top