ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীরের মায়ের ইন্তেকাল

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের মা খাদিজা নুর (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর নিজেই। তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ রাত ৯টায় পূর্ব ফরহাদাবাদের নিজ বাড়িতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

খাদিজা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার এক শোকবার্তায় তিনি মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খাদিজা বেগমের মৃত্যুতে তার পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সহানুভূতি জানাচ্ছি। ধর্মপরায়ণ ও পরোপকারী নারী হিসেবে তিনি প্রতিবেশীদের কাছে পরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন।

ভূমি মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাত নসিব করার জন্য দোয়া করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য দোয়া করেন।

পৃথক শোকবার্তায় খাদিজা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। শোকবার্তায় তিনি মরহুমা খাদিজা বেগমকে একজন পরহেজগার নারী হিসেবে উল্লেখ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা জানান।

চাটগাঁ নিউজ/ফরিদ/এমকেএন

Scroll to Top