ইছামতীর ভাঙনে হুমকিতে রাঙ্গুনিয়া, ব্যক্তি উদ্যোগে প্রতিরোধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার খরস্রোতা ইছামতী নদীর তীব্র ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। বিশেষ করে রাঙ্গুনিয়া পৌরসভার ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। দ্রুত স্থায়ী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ অবস্থায় সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটচেক এলাকায় ব্যক্তি উদ্যোগে জরুরি ভাঙন প্রতিরোধ কার্যক্রম শুরু করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ভিপি আনছুর উদ্দিন। তাঁর নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা নদীতীরে জিও ব্যাগ স্থাপন এবং বাঁশ ও গাছের বলদি পুঁতে সাময়িকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন।

রবিবার সকালে দক্ষিণ ঘাটচেক এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন ভিপি আনছুর উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ইছামতী নদীর ভাঙন স্থায়ীভাবে রোধে কংক্রিট ব্লক স্থাপনের জন্য স্থানীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার দিয়েছেন। তবে সরকারি বরাদ্দ ও প্রকল্প বাস্তবায়নে সময় লাগতে পারে। তাই মানুষের জানমাল রক্ষায় তাৎক্ষণিকভাবে স্থানীয়দের নিয়ে এই অস্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ সময় তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভাঙনকবলিত এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং দ্রুত স্থায়ী প্রতিরোধমূলক কাজ শুরুর আহ্বান জানান।

পানি উন্নয়ন বোর্ডের রাঙামাটি পওর বিভাগের অধীন কাপ্তাই পওর উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সামছুল আরেফিন জানান, রাঙ্গুনিয়ার সংসদ সদস্যের ডিও লেটার তারা পেয়েছেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অচিরেই কংক্রিট ব্লক স্থাপনের মাধ্যমে স্থায়ী ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে একই দিন বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে সম্প্রতি পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী এবং অপর একটি পরিবারকে ঢেউটিন প্রদান করেন ভিপি আনছুর উদ্দিন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top