চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের খালাসি পদে নিয়মতান্ত্রিকভাবে পোষ্যদের নিয়োগের দাবি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির নেতারা।
রোববার (২ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, ‘৮৬৫ জন খালাসি পদের ঘোষিত ফলাফল থেকে অধিকার বঞ্চিতদের পক্ষে আদালতের রায় হয়েছে। কিন্তু নিয়োগ বাণিজ্যের একটি সিন্ডিকেট আদালতের রায় বাস্তবায়নে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।’
তিনি জানান, ২০১০ সালে ৮৬৫ জন খালাসি পদে সার্কুলার হয় এবং এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে পরীক্ষা হয়। এ নিয়োগ পরীক্ষায় দুর্নীতি, অনিয়মসহ বিভিন্ন অভিযোগে ফল ঘোষণা বিলম্বিত হয়। ২০১৯ সালে ওই ফল প্রকাশিত হয়। এরপর নানা কারণে নিয়োগ পাওয়া রেলওয়ে পোষ্যদের নিয়োগপত্র দেওয়া স্থগিত হয়। পরবর্তীতে রেলওয়ে পোষ্য কোটায় নিয়োগ পাওয়া ব্যক্তিরা আদালতের দ্বারস্থ হলে নিয়োগ কমিটি গত ৮ জুলাই ৬৬ জনকে নিয়োগপত্র দেয়। অন্যরা নিয়োগপত্র পাওয়ার প্রক্রিয়াধীন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পোষ্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের রায়ের নির্দেশনায় যোগ্য আবেদনকারীদের অনুকূলে পোষ্য কোটা সংরক্ষণ করে নিয়োগপত্র দিতে হবে, যদি তারা অন্য কোনো বৈধ কারণে অযোগ্য না হন। এই নির্দেশনার মাধ্যমে আদালত তিনটি মৌলিক বিষয় নিশ্চিত করেছেন। এগুলো হলো- পোষ্য কোটা সংরক্ষণ করতে হবে, যোগ্য আবেদনকারীদের নিয়োগপত্র দিতে হবে ও শুধু অন্য কোনো বৈধ কারণে অযোগ্য হলে নিয়োগ না দেওয়ার সুযোগ থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাপ্পি, সদস্য সঞ্জয় কুমার ও জামাল উদ্দিন, সোসাইটির চট্টগ্রামের প্রচার সম্পাদক মো. শাকিল প্রমুখ।
চাটগাঁ নিউজ/এসএ





