চাটগাঁ নিউজ ডেস্ক: জামিনে মুক্তির সব আনুষ্ঠানিকতা শেষ। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসার অপেক্ষায় ছিলেন নগরীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পু (৩৫)।
কিন্তু আপিল বিভাগ হাইকোর্টের ‘শোন অ্যারেস্ট’ সংক্রান্ত অন্তর্বর্তী আদেশ স্থগিত করার পর নতুন একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ফলে কারাগারের ফটক আর পেরোনো সম্ভব হয়নি তার।
পুলিশ জানায়, ২০২৫ সালের ১৩ জুন কোতোয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় টেম্পুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-৪ আদালত তার মুক্তির নির্দেশ দেন। সেই অনুযায়ী কারাগার কর্তৃপক্ষও মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করেছিল। কিন্তু নতুন মামলায় গ্রেপ্তার দেখানো এবং তার বিরুদ্ধে থাকা প্রিভেন্টিভ ডিটেনশন ওয়ারেন্ট (পিডব্লিউডি) বহাল থাকায় মুক্তি আর কার্যকর হয়নি।
পুলিশের তথ্য অনুযায়ী, টেম্পুর বিরুদ্ধে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ অন্তত ৩০টি মামলা বিচারাধীন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি ১৩ বার গ্রেপ্তার হলেও প্রতিবারই জামিনে বেরিয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।
চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সশস্ত্র মহড়া, আধিপত্য বিস্তার এবং ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে টেম্পুর বিরুদ্ধে। ২০১৪ সালে চান্দগাঁও থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় তিনি গুলিবিদ্ধও হয়েছিলেন।
এদিকে, নির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো যাবে না— হাইকোর্টের এমন অন্তর্বর্তী আদেশ গত বুধবার স্থগিত করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।
সিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বলেন, ইসমাইল হোসেন টেম্পু দুর্ধর্ষ সন্ত্রাসী। অতীতে ১৩ বার গ্রেপ্তার হলেও প্রতিবারই জামিনে বেরিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে। তাই নতুন মামলায় আইনানুগভাবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের ভাষ্য, একসময় টেম্পু চালকের কাজ করা ইসমাইল পরে অপরাধ জগতে জড়িয়ে পড়ে নিজস্ব সন্ত্রাসী বাহিনী গড়ে তোলেন। তার বিরুদ্ধে ডাকাতি, খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র ও মাদকসহ নানা অভিযোগ রয়েছে।
বিভিন্ন সময়ে গ্রেপ্তারের পর তার কাছ থেকে কাটা রাইফেল, পিস্তল, বন্দুকসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
চাটগাঁ নিউজ/জেএইচ





