যেখান থেকেই হামলা, সেখানেই পাল্টা আঘাত: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছেই। যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের পক্ষ থেকে যেকোনো হামলার জবাবে হামলার উৎসস্থলেই পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি হলে ইরানে হামলার পরিকল্পনা থেকে তিনি সরে আসতে রাজি হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের জবাব শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শত্রুপক্ষ যেখান থেকেই হামলা চালাবে, সেখানেই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে এর জবাবে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনাগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

রেজাইয়ের দাবি, যুক্তরাষ্ট্র মনে করছে দ্রুত ও বিধ্বংসী হামলার মাধ্যমে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব। তবে তিনি এ ধারণাকে ‘ভুল হিসাব’ বলে মন্তব্য করেন এবং সতর্ক করে বলেন, হামলা হলে পুরো অঞ্চল মারাত্মক অস্থিতিশীল হয়ে উঠবে।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি সম্পন্ন হওয়ার শর্তে তিনি সম্ভাব্য হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

রোববার (২ আগস্ট) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের অস্তিত্বের জন্য আমি হামলাটি বাতিল করতে সম্মত হয়েছি। তবে শর্ত হলো, দেশটিকে দ্রুত একটি চুক্তি করতে হবে।’

এর আগে মার্কিন বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, চলতি সপ্তাহেই ইরানের বিরুদ্ধে নতুন ও আরও তীব্র সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছিল ওয়াশিংটন।

অন্যদিকে তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তেজনা বাড়ানোর অভিযোগ এনে সতর্ক করেছে, ওয়াশিংটনকে সহযোগিতা করা যেকোনো আঞ্চলিক দেশও সংঘাতের বাইরে থাকবে না।

এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে এলাকা ছাড়ার প্রস্তুতি নিতে আগেই পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা টিআরটির বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্ভাব্য মার্কিন হামলার পর ইরানের পাল্টা আঘাতের আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

ইয়েদিয়োত আহরোনোত জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করেছে। তাদের ধারণা, ট্রাম্প যেকোনো সময় ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার নির্দেশ দিতে পারেন।

সূত্র – আল জাজিরা ও বিবিসি

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top