চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা খাল থেকে বস্তাবন্দি অবস্থায় এক অজ্ঞাতপরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ব্লকেরপাড় বিডিপি ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে কাছাকাছি গিয়ে তীব্র দুর্গন্ধ ছড়ালে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কর্ণফুলী থানা ও নৌ থানা পুলিশের যৌথদল ঘটনাস্থলে গিয়ে ভাসমান বস্তাটি উদ্ধার করে। বস্তাটি খোলার পর ভেতর থেকে আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
খালের পাড়ে বস্তাবন্দি মরদেহ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক জনতা সেখানে ভিড় জমান। তবে মরদেহে পচন ধরায় প্রাথমিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি কেউ।
পুলিশের প্রাথমিক ধারণা, বেশ কয়েক দিন আগে ওই নারীকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে আলামত লোপাটের উদ্দেশ্যে খালে ফেলে দেওয়া হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/জেএইচ





