মার্কিন নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগের পরামর্শ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে মধ্যপ্রাচ্য দ্রুত ত্যাগ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেছে ট্রাম্প প্রশাসন।

আজ শনিবার জর্ডান, ইরাক ও ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাস এবং উত্তর ইরাকের এরবিলে মার্কিন কনস্যুলেট জেনারেল পৃথক নিরাপত্তা সতর্কতা জারি করে এ পরামর্শ দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়, বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা ও বাড়তি সতর্ক নজরদারি বজায় রাখতে হবে। একই সঙ্গে ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে নানা ধরনের বিঘ্ন ঘটার জন্য প্রস্তুত থাকতে হবে।এ ছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও অঞ্চলটিতে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য হয়ে অন্য কোথাও যাত্রার পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

দূতাবাসগুলোর সতর্কবার্তায় আরও বলা হয়, ইরান কিংবা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে “অত্যন্ত পরিবর্তনশীল” বলে উল্লেখ করা হয়েছে।

জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস বিশেষভাবে দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের সামরিক ঘাঁটিগুলোতে না যাওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে জর্ডান সরকারের নির্দেশনা অনুসরণ এবং সরকারি সতর্কবার্তা নিয়মিত পর্যবেক্ষণের আহ্বান জানানো হয়েছে।

এ সতর্কতা এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। সিবিএস নিউজ মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন চলতি সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top