বিনোদন ডেস্ক: দীর্ঘ ১০ বছরের সম্পর্ক ও দাম্পত্য জীবনের পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী প্রীতম ও শাহতাজ। পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তে পৌঁছেছেন তারা।
আজ রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন এ দম্পতি।
বিবৃতিতে তারা জানান, পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ১০ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য দুজনই কৃতজ্ঞ। পাশাপাশি একে অপরের প্রতি সম্মান ও শুভকামনা সবসময় থাকবে বলেও জানান তারা।
তারা বলেন, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, এ সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছেছেন।
বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া প্রীতম ও শাহতাজ জীবনের নতুন অধ্যায়ে আলাদাভাবে এগিয়ে যেতে চান। এ পরিবর্তনের সময়ে তাদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখাতে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
বিষয়টি তাদের দুজনের প্রতিই সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন এ দম্পতি। একই সঙ্গে সবসময় পাশে থাকা এবং তাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে প্রীতম ও শাহতাজের বিয়ে হয়। এর আগে থেকেই দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাদের। বিয়ের পরও বিভিন্ন সময়ে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতে দেখা গেছে তাদের।
চাটগাঁ নিউজ/জেএইচ






