চাটগাঁ নিউজ ডেস্ক: জেলার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহ মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আজ রোববার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে লালন শাহ মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এনসিপির মিডিয়া টিমের নেতা ইয়াসির আরাফাত বলেন, ‘রাত ৮টার দিকে কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গেলে গাড়িতে হামলার ঘটনা ঘটে। নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইট নিক্ষেপ করার পর তার হাতে লেগেছে। তিনিসহ তিনজন আহত হয়েছেন।’
পুলিশ ও স্থানীয় এনসিপি নেতারা বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী মূলত লালন আখড়া দেখতে গিয়েছিলেন। আখড়াবাড়িতে প্রবেশের সময় হঠাৎ করেই কিছু লোক গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
একটি ভিডিওতে হামলার পর নেতকার্মীদের নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে দূরে সরিয়ে নিতে দেখা যায়।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছেন। শুনেছি তার সঙ্গে কিছু একটা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে যাওয়ার পর বিস্তারিত বলতে পারব।’
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হামলার কারণ, হামলাকারীদের পরিচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ






