চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কে ২০ থেকে ২৫টি মোটরসাইকেল নিয়ে ঝুঁকিপূর্ণ ‘রাইড শো’ করতে গিয়ে একটি প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়েছে ২ যুবক । আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যার দিকে টানেল সংযোগ সড়কের চায়না রোড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, সাপ্তাহিক ছুটির কারণে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এর শ্রমিকবাহী বাস চলাচল বন্ধ থাকায় সড়ক তুলনামূলক ফাঁকা ছিল। সেই সুযোগে ‘এক্সট্রিম রাইডার্স’ নামে একটি বাইকার গ্রুপের সদস্যরা রাইড শোর আয়োজন করেন। যেখানে অধিকাংশ রাইডারদের মাথায় ছিল না হেলমেট। রাইডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে রাইড শো নিয়ে শুরু হয় ব্যপক আলোচনা সমালোচনা।
এ ঘটনায় আহতরা হলেন উপজেলার বৈরাগ ইউনিয়নের বাসিন্দা নয়ন আহমেদ (১৯) ও সাগর (২১)। তারা দুজনই ‘এক্সট্রিম রাইডার্স’ গ্রুপের সদস্য। দুর্ঘটনার আগের দিন নয়ন নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে লিখেছিলেন, “শুক্রবার বিকেল ৩টায় আমরা X-Treme Rider’s আসতেছি, টানেলে দেখা হচ্ছে সবার সঙ্গে।”
ওই পোস্টের সূত্র ধরেই বিভিন্ন এলাকা থেকে বাইকাররা সেখানে জড়ো হন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, বিকেল থেকে ২০-২৫টি মোটরসাইকেল নিয়ে তরুণরা বিকট শব্দ সৃষ্টিকারী পরিবর্তিত এক্সহাস্ট পাইপ ব্যবহার করে উচ্চগতিতে রাইড ও মহড়া দিতে থাকেন। এতে সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহন ও পথচারীরা আতঙ্ক ও ভোগান্তিতে পড়েন।
একপর্যায়ে পেছন থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার ওভারটেক করার সময় নয়নের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। সাগরও আহত হন।
স্থানীয়রা ও সহযাত্রীরা আহতদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নয়নের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একাধিক মোটরসাইকেল বিকট শব্দ তুলে টানেল সড়কে বেপরোয়া গতিতে চলছিল। এ সময় একটি প্রাইভেট কার ওভারটেক করার চেষ্টা করলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এক বাইকার সড়কে ছিটকে পড়েন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গুরুত্বপূর্ণ ও কৌশলগত এই সড়কে এ ধরনের ঝুঁকিপূর্ণ বাইক শোর আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
আহত সাগরের বাবা আবু তালেব বলেন, তারা কয়েকজন বন্ধু মিলে ঘটনাস্থলে ঘুরতে গিয়েছিল। টানেল সড়কে চলার সময় পেছন থেকে একটি প্রাইভেট কার ধাক্কা দিয়ে চলে যায়। নয়নের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইকবাল হোসেন বেলাল বলেন, আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে নয়নের মাথায় গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। অপর আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া বলেন, কর্ণফুলী টানেলের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সড়কে এ ধরনের বেপরোয়া বাইক রাইড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি আমাদের নজরে এসেছে। যারা এ ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ






