চট্টগ্রামকে বিশ্বমানচিত্রে তুলে ধরেছেন অধ্যাপক ডা. রবিউল হোসেন
নাগরিক শোকসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী

চাটগাঁ নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, উপমহাদেশের কিংবদন্তি চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন শুধু একজন চিকিৎসক নন, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। চট্টগ্রামে আন্তর্জাতিক মানের চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে তিনি লাখো মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি চট্টগ্রামকে বিশ্বমানচিত্রে তুলে ধরেছেন।

শনিবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রামের টাইগারপাস আমবাগান রোডের নেভি কনভেনশন সেন্টারে বিএনএসবি ও সিইআইটিসির উদ্যোগে আয়োজিত এ শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এম এ মুহিত বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেন চক্ষু চিকিৎসা সেবার এক উজ্জ্বল নক্ষত্র এবং নিজেই একটি প্রতিষ্ঠান। মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। তার আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেন দেশের লাখো মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। চট্টগ্রামে বিশ্বমানের চক্ষু হাসপাতাল গড়ে তুলে তিনি দেশের চিকিৎসা সেবাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, রবিউল হোসেনের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো নিঃস্বার্থ সেবার অনন্য উদাহরণ। হাসপাতাল প্রতিষ্ঠা করেও তিনি নিজের নাম ব্যবহার করেননি; বরং বোর্ড অব ট্রাস্টের মাধ্যমে পরিচালনার ব্যবস্থা করে গেছেন। তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো যেন কোনো অপশক্তির কবলে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেন সমাজকে অনেক মূল্যবান প্রতিষ্ঠান উপহার দিয়ে গেছেন। তার জীবন ও কর্ম মানবিক সমাজ গঠনের অনুপ্রেরণা হয়ে থাকবে। দেশের বিভিন্ন জেলায় চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে সহজলভ্য চক্ষু চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ দীর্ঘদিন মানুষের উপকারে আসবে।

সভায় সভাপতিত্ব করেন সিইআইটিসির ম্যানেজিং ট্রাস্টি ডা. কিউ এম অহিদুল আলম। আইসিওর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ওসমানীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সিইআইটিসি ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী।

এ সময় বক্তব্য দেন চক্ষু চিকিৎসা সমিতির উপদেষ্টা গোলাম মোস্তফা শামীম, চক্ষু বিশেষজ্ঞ ডা. আরিফুর রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ছিদ্দীক আহমেদ, সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান নাদের খান, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শিরিন পারভীন হক, ইসলামিয়া হাসপাতাল ঢাকার মো. ফয়সাল সাহেদ, ময়মনসিংহ বিএনএসবি কে জামান হাসপাতালের প্রধান পরামর্শক ডা. সাইফুল ইসলাম ভূঁইয়া, অধ্যাপক ডা. রবিউল হোসেনের দুই ছেলে সিইআইটিসির মেডিকেল ডিরেক্টর ডা. রাজীব হোসেন ও ট্রাস্টি বোর্ডের সদস্য রিয়াজ হোসেন, কেন্দ্রীয় ওএসবির মহাসচিব অধ্যাপক ডা. জিন্নুরাইন নিউটন, ডা. আবু নাসেরসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠান আয়োজন ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন আয়োজক কমিটির সদস্য সচিব এবং চট্টগ্রাম চক্ষু হাসপাতালের ব্যবস্থাপক (প্রশাসন) মো. রুকনুন চৌধুরী এবং হাসপাতালের মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) ও আয়োজক কমিটির সদস্য মো. গোলাম ফারুক।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top