চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের স’মিল ঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ফার্নিচার দোকান ও পাশের একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ফার্নিচার ব্যবসায়ীর প্রায় ৬ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ৭ নম্বর বেতাগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে তা দ্রুত দুই দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় তাৎক্ষণিকভাবে দোকানের ভেতর থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম জানান, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে দীর্ঘদিনের পরিশ্রমে তিনি ব্যবসাটি গড়ে তুলেছিলেন। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে এই ক্ষতি তাকে চরম অনিশ্চয়তার মধ্যে ফেলেছে।
তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কয়েকজন ক্রেতার কাছে পাঁচটি খাট ও একটি আলমারি সরবরাহ করার কথা ছিল। আসবাবপত্র গুলোর বেশিরভাগই প্রস্তুত ছিল। কিন্তু অগ্নিকাণ্ডে সব পুড়ে যাওয়ায় এখন ঋণ পরিশোধ ও সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
অগ্নিকাণ্ডে পাশের একটি চায়ের দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে আগুন লাগায় দোকানের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ীর পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের আশা, দ্রুত সহযোগিতা পেলে ব্যবসায়ীরা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা অর্জুন বাড়ৈ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তারা পৌঁছানোর আগেই স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
চাটগাঁ নিউজ/এমকেএন





