চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১ আগস্ট) বিকেলে দ্বীপের দক্ষিণপাড়া এলাকায় বেড়িবাঁধসংলগ্ন সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে বেড়িবাঁধের ব্লকের মধ্যে একটি মরদেহ আটকে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
তাদের ধারণা, গত শুক্রবার সকালে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের মধ্যে কারো মরদেহ হতে পারে এটি। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। নিহতের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে পুলিশ।
শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব জানান, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। তার মুখে দাঁড়ি রয়েছে। মরদেহে প্রাথমিকভাবে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরো জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । একই সঙ্গে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
চাটগাঁ নিউজ/জেএইচ






