‘শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে’ 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানোর আবেদন ‘খতিয়ে দেখছে’ বলে জানিয়েছে ভারত সরকার।

সংসদ সদস্য ও কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি এই সংক্রান্ত একটি প্রশ্ন করেছিল সরকারকে। সরকারের উত্তর সম্বলিত রিপোর্টটি সংসদের উচ্চ ও নিম্ন দুই কক্ষেই পেশ করা হয়েছে বৃহস্পতিবার (৩০ জুলাই)।

‘ভারত- বাংলাদেশ সম্পর্ক বিষয়ক রিপোর্ট’টি ‘ডিজিটাল সংসদ’ ওয়েবসাইটে আজ শুক্রবার প্রকাশিত হয়েছে।

ওই রিপোর্ট অনুযায়ী, সংসদীয় কমিটি সরকারের কাছে যেসব বিষয় উত্থাপন করেছিল, তার অংশ হিসাবে লেখা হয়েছে, “শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদানের পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে প্রত্যর্পণের যে অনুরোধ জানানো হয়েছে, কমিটি তা আমলে নিয়েছে এবং এ বিষয়ে সরকারের বিবেচনামূলক পদক্ষেপ সম্পর্কে কমিটিকে নিয়মিত অবহিত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।”

কমিটির প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত পদ্ধতি অনুযায়ী ভারত সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ প্রত্যর্পণের অনুরোধটি পর্যালোচনা করছে। সুপারিশটি যথাযথভাবে অনুসরণের জন্য বিবেচনায় নেওয়া হয়েছে।”

শশী থারুরের নেতৃত্বাধীন কমিটি তাদের মন্তব্য শুরুই করেছিল যে, “কমিটি লক্ষ্য করেছে যে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং এ বিষয়ে ভারতের গৃহীত পদক্ষেপ মূলত ভারতের সেই সভ্যতাগত মূল্যবোধ ও মানবিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে, যার আওতায় চরম দুর্দশা বা অস্তিত্বের সংকটের সম্মুখীন ব্যক্তিদের আশ্রয় প্রদান করা হয়।”

পূর্বে দেওয়া আশ্বাসের বিষয়ে সংসদীয় কমিটি লিখিত আকারে জানিয়েছে, “কমিটিকে আরও অবহিত করা হয়েছে যে, ভারত সরকার তাকে কোনো রাজনৈতিক মঞ্চ প্রদান করেনি কিংবা ভারতীয় ভূখণ্ড থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগও দেয়নি।”

অর্থাৎ ভারতের ভূখণ্ড থেকে তাকে নিজের দল ও দেশে কোনও রকম রাজনৈতিক কর্মকাণ্ড যে করতে দেওয়া হয়নি, সেই বিষয়ে সরকারের দেওয়া তথ্যে সন্তুষ্টি প্রকাশ করেছে সংসদীয় কমিটি।

সূত্র- বিবিসি বাংলা

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top