চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ উপকূলে রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে ১৩ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে।
শুক্রবার (৩১ জুলাই) সকালের দিকে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন সাগরে এ নৌকাডুবির ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া ১৮ জনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে একদল রোহিঙ্গা নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। শাহপরীরদ্বীপ উপকূলের কাছাকাছি পৌঁছালে প্রবল স্রোত ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
স্থানীয় সূত্রের দাবি, বাংলাদেশ থেকে চারজন মাঝিমাল্লা তাদের আনতে গিয়েছিলেন।
সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান বলেন, সীমান্তের ওপারে সংঘাতময় পরিস্থিতির কারণে রোহিঙ্গারা বাংলাদেশে আসার চেষ্টা করছিলেন। নৌকাডুবির খবর পেয়ে স্থানীয় জেলেরা উদ্ধার অভিযানে অংশ নেন। তারা ১৮ জনকে জীবিত উদ্ধার করে পরে বিজিবির কাছে হস্তান্তর করে।
স্থানীয় জেলে মুজিবুল হক বলেন, নৌকাটিতে মোট ৩১ জন আরোহী ছিল। নৌকাডুবির পর স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান চালিয়ে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে। এখনো ১৩ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু নেই বলেও জানান তিনি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, শাহপরীরদ্বীপ এলাকায় নৌকাডুবির ঘটনায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় ও বাংলাদেশে প্রবেশের কারণ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয়শিবিরে বর্তমানে প্রায় সাড়ে ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছেন। ২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও সামরিক অভিযানের মুখে কয়েক মাসের ব্যবধানে প্রায় আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।
চাটগাঁ নিউজ/জেএইচ





