চবিতে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ) সদস্যরা সাপটি উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকার একটি ডোবা থেকে সাপটি উদ্ধার করা হয়।

পরে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ার্নেস (থ্রি-এসএ) গ্রুপের সদস্যরা সাপটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের গহিন অরণ্যে অবমুক্ত করেছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় সাপটিকে দেখতে পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমন সাকিব। পরে তিনি থ্রি-এসএ এর সঙ্গে যোগাযোগ করলে ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া।

উদ্ধার হওয়া সাপটি বার্মিজ প্রজাতির। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি।

এ বিষয়ে থ্রি-এসএ গ্রুপের সদস্য মোহাম্মদ ইমরান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। পরে সেটিকে গহিন অরণ্যে অবমুক্ত করে দেই। খাবারের সংকট, পাহাড় কেটে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসসহ বিভিন্ন কারণে এ ধরনের সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top