চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতের জামিনের আদেশ পাওয়ার পরও অনেক আসামি সময়মতো মুক্তি পান না—এমন অভিযোগ তুলেছেন কয়েকজন ভুক্তভোগী ও তাদের স্বজনরা।
তাদের দাবি, আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর কারাগারে সেই আদেশ পৌঁছাতে অস্বাভাবিক বিলম্ব হয়, ফলে জামিন পাওয়া ব্যক্তিদের ঘণ্টার পর ঘণ্টা, কখনো পুরো দিনও কারাগারে থাকতে হয়।
অভিযোগ রয়েছে, আদালতে দুপুরের মধ্যেই জামিনের আদেশ হলেও সংশ্লিষ্ট কাগজপত্র কেন্দ্রীয় কারাগারে পৌঁছাতে সন্ধ্যা পর্যন্ত সময় লেগে যায়। তথ্যপ্রযুক্তির এই যুগে আদালতের আদেশ দ্রুত অনলাইনে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানো সম্ভব হলেও বাস্তবে সেই প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
এক ভুক্তভোগীর ভাষ্য, আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পরও নির্ধারিত কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কারামুক্তি দেওয়া হয় না। তিনি অভিযোগ করেন, এই প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে এবং কিছু ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগও শোনা যায়।
এদিকে, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বাইরে ধারণক্ষমতা, বন্দির সংখ্যা এবং প্রতিদিনের জামিনসংক্রান্ত তথ্য প্রদর্শনের জন্য একটি তথ্যবোর্ড স্থাপন করা হলেও বর্তমানে সেটি আর সচল নেই। ফলে কারাগারে আসা স্বজনদের প্রয়োজনীয় তথ্য জানতে অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
নিউজের বিস্তারিত দেখতে সিপ্লাস টিভির ভিডিও লিংকে ক্লিক করুন……………
চাটগাঁ নিউজ/এমকেএন





