সন্ত্রাসী যত বড়ই হোক, আইনের আওতায় আসতেই হবে: এএসপি বেলায়েত

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন উপজেলায় সম্প্রতি দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারের ঘটনাকে সামনে রেখে সন্ত্রাস দমনে পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন। তিনি বলেছেন, সন্ত্রাসী যত প্রভাবশালীই হোক না কেন, শেষ পর্যন্ত তাকে আইনের মুখোমুখি হতেই হবে।

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এএসপি বেলায়েত হোসেন বলেন, সন্ত্রাসীরা এলাকায় ভয়ভীতি সৃষ্টি করে আধিপত্য বিস্তারের চেষ্টা করে। তবে সাধারণ মানুষ যদি সচেতন থেকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলেন, তাহলে অপরাধীরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবে না। তিনি সন্ত্রাস দমনে জনগণকে পুলিশের পাশে থাকার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন বলেন, মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং প্রায় প্রতিদিনই বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হচ্ছে। তিনি বলেন, কোনো গুজব বা ঢালাও অভিযোগের ভিত্তিতে নয়, বরং সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ওপর নির্ভর করেই পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

চন্দ্রঘোনা লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শোয়েব কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, অর্থ সম্পাদক মাওলানা আলমগীর হামিদ, ব্যবসায়ী নেতা আহমদুল হক, মো. এরশাদ, জসিম উদ্দিন সিকদার, সাজ্জাদ হোসেন খোকাসহ স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top