চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি এবং একাধিক হত্যা মামলার অভিযুক্ত ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ মো. ইলিয়াস ওরফে ধামা ইলিয়াসকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) চট্টগ্রামের আদালতে হাজির করা হলে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। তার গ্রেপ্তারে রাউজানে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক সংশ্লিষ্টরা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গত সোমবার ঢাকা থেকে ইলিয়াসকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইলিয়াসকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটের স্বার্থে পুলিশের আবেদনের পর আদালত রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, মো. ইলিয়াস সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হানের অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ঢাকা থেকে ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন। ইলিয়াসের বিরুদ্ধে রাউজান থানায় ১৬টিসহ মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে রাউজান থানায় তিনটিসহ মোট পাঁচটি হত্যা মামলা রয়েছে। আলোচিত মাসুদ হত্যা মামলায় ইলিয়াসসহ এ পর্যন্ত চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হত্যাকাণ্ড ঘটিয়ে অস্ত্র উঁচিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং আলোচনায় আসে মো. ইলিয়াস ওরফে ধামা ইলিয়াসের নাম।
চাটগাঁ নিউজ/জেএইচ/এসএ





