ছেলে লিপ্ত মারামারিতে বাবা চালালেন ছুরি প্রতিপক্ষের ওপর!

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশ ছেলের সঙ্গে মারামারিতে লিপ্ত প্রতিপক্ষ জাহেদুল ইসলাম (২২) নামক এক যুবককে ছুরিকাঘাতে  আহত করেছে এক পিতা!  দোহাজারী পৌরসভার চাগাচর দক্ষিণপাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে  নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে দোহাজারী পৌরসভার চাগাচর দক্ষিণপাড়ার একটি দোকানে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, জাহেদুল ইসলাম মালামাল কিনতে ওই দোকানে গেলে দোকানদার আরমান (২০)-এর সঙ্গে মালামাল নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে আরমানের বাবা মাহমুদুল হক ঘটনাস্থলে এসে ছেলের সঙ্গে যোগ দেন। পরে বাবা মাহমুদুল হক দোকান থেকে একটি ছুরি এনে জাহেদুল ইসলামের মাথা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি জখম করে।

গুরুতর আহত অবস্থায় জাহেদুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

জাহেদুলের মা রোকেয়া বেগম অভিযোগ করে বলেন, বিনা কারণে আমার ছেলেকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, আমরা ঘটনাটির বিষয়ে অবগত। আহত ব্যক্তির চিকিৎসা শেষে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top