মুক্তিপণের জন্য শিশু অপহরণ, ভিডিও ভাইরালেই ধরা অপহরণকারী

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছয় বছরের এক শিশুকে অপহরণ করে হাত বেঁধে ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের ভিডিও ধারণের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তদন্তে নেমে ভাইরাল সেই ভিডিও থেকেই গুরুত্বপূর্ণ সূত্র পায় আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উখিয়ার ক্যাম্প-১৮-এর কে-৯ ব্লকের একটি চায়ের দোকানে বিশেষ অভিযান চালিয়ে জাকারিয়া (৩০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি একই ক্যাম্পের কে-০১ ব্লকের বাসিন্দা।

এপিবিএন জানায়, গত ২৭ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে এক শিশুর হাত বাঁধা অবস্থায় তার সামনে ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শনের দৃশ্য দেখা যায়। আতঙ্কিত শিশুটি কান্নাজড়িত কণ্ঠে প্রাণভিক্ষা চাইছিল। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে বালুখালী ময়নারঘোনা পুলিশ ক্যাম্প বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে।

তদন্তে জানা যায়, ভিডিওতে থাকা শিশুটি উখিয়ার ক্যাম্প-১১-এর ই-৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জুনাইদের ছেলে রহমত আলী (৬)। তাকে গত ২২ জুলাই অপহরণ করা হয়। পরে অপহরণকারীদের দাবিকৃত ৩ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ পরিশোধের পর ২৬ জুলাই শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে আরও জানা যায়, অপহরণকারীদের প্রাণনাশের হুমকির কারণে শিশুটির পরিবার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাহস পায়নি। তবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উখিয়া থানা পুলিশ ও এপিবিএনের গোয়েন্দা অনুসন্ধানে জাকারিয়ার সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এরপর তার অবস্থান নিশ্চিত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ভাইরাল ভিডিওটি নজরে আসার পর ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়। গোপন তথ্য, স্থানীয় হেড-মাঝি ও সাব-মাঝিদের সহযোগিতা এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সংঘবদ্ধ অপরাধ দমনে এপিবিএনের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার জানান, অপহরণ মামলায় জড়িত থাকার অভিযোগে এপিবিএনের হাতে গ্রেপ্তার জকরিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/মোস্তফা/এমকেএন

Scroll to Top