কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: ডেঙ্গু ও চিকনগুনিয়ার সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কাপ্তাই উপজেলা তথ্য অফিস ব্যাপক প্রচার কার্যক্রম পরিচালনা করেছে।
সোমবার (২৭ জুলাই) উপজেলার বিভিন্ন জনবহুল এলাকা, বাজার, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কে মাইকিংয়ের মাধ্যমে জনগণকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ও সতর্কতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়।
কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন জানান, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গু ও চিকনগুনিয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়। এ কারণে জনগণকে সচেতন করতে ধারাবাহিকভাবে এ ধরনের প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আশপাশে তিন দিনের বেশি কোথাও পরিষ্কার পানি জমে থাকতে দেওয়া যাবে না। পাশাপাশি নিয়মিত আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রচারণায় আরও জানানো হয়, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পূর্ণহাতা পোশাক পরা, মশারি ব্যবহার, মশা প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ এবং জ্বর দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।
উপজেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রচার ও জনসচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন





