চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের বাইরে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে সিইআইজেড উদ্বোধনকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোড এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এ সময় অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে ৫ হাজার কর্মীকে কোনো ধরনের নিয়মনীতি অনুসরণ বা যথাযথ নোটিশ ছাড়াই জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে।
তাদের আরও অভিযোগ, একটি গোষ্ঠী ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ ও পদোন্নতি দিয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে হবে এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সসম্মানে চাকরিতে পুনর্বহাল করতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া চাকরিচ্যুত কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা কর্মহীনতা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী চট্টগ্রামে একটি বড় অর্থনৈতিক ও কর্মসংস্থানভিত্তিক প্রকল্পের উদ্বোধনে আসায় নিজেদের দাবি সরকারের উচ্চপর্যায়ের নজরে আনতেই আমরা এ কর্মসূচি পালন করেছি।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ভিআইপি সফর ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ বিক্ষোভকারীদের নিরাপদে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিক্ষোভের পর সিইআইজেডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান নির্ধারিত সূচি অনুযায়ী শুরু হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ





