‘চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের উন্নীত করা হবে’

চাটগাঁ নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। এসময় তিনি বলেন, চট্টগ্রাম চিড়িয়াখানা শুধু বিনোদনের স্থান হিসেবে নয়, এটাকে এমনভাবে গড়ে তোলা হবে, যেখানে দর্শক আনন্দের পাশাপাশি প্রাণী, জীববৈচিত্র্য ও পরিবেশ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। চিড়িয়াখানাটি আন্তর্জাতিক মানেও উন্নীত করা হবে।

প্রতিমন্ত্রী সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

এসময় চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহজামান খান তুহিন সাথে ছিলেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম—স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন দেশের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ প্রাণী সম্পর্কে জানতে পারে, তাদের জীবন-যাপন, বৈশিষ্ট্য ও পরিবেশগত গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে চিড়িয়াখানাটিকে সাজানো হবে।

চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী চিড়িয়াখানা পরিদর্শনে এসেছেন। সরকারের লক্ষ্য দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। সে লক্ষ্য বাস্তবায়নে যেসব সীমাবদ্ধতা ও সংকট রয়েছে, প্রতিমন্ত্রী সেগুলো মনোযোগ দিয়ে শুনেছেন।’

তিনি আরও বলেন, বর্তমানে চিড়িয়াখানার প্রাণীদের অনেক খাঁচাই প্রয়োজনের তুলনায় ছোট। জায়গার সংকটই এর প্রধান কারণ। তবে দীর্ঘদিন বেদখলে থাকা পাশের প্রায় আট একর জমি এখন চিড়িয়াখানার নিয়ন্ত্রণে এসেছে। ওই জমিতে সম্প্রসারণের সুযোগ তৈরি হওয়ায় ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকুকে ফুলেল শুভেচ্ছা জানান নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর নেতৃত্বে নেতাকর্মীরা। এ সময় অন্য্যানদের মধ্যে নগর যুবদলের সাবেক সহসভাপতি সাহেদ আকবর ও ফজলুল হক সুমন, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শহিদ উল্লাহ বাহারসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top