কৃতি শিক্ষার্থী সম্মাননা পেলেন সুফী মিজানের নাতি নুমায়ের মিজান

চাটগাঁ নিউজ ডেস্ক: কৃতি শিক্ষার্থী সম্মাননা পেয়েছেন চট্টগ্রাম গ্রামার স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমানের নাতি নুমায়ের মিজান আমির। ‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে তার হাতে সম্মাননা তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এবারের সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমরো’ আগামীর দেশ গড়ার কারিগরদের অভিবাদন।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসি’র সিইও ফয়সাল রহমান, বাংলাদেশে আইডিপি অ্যাডুকেশন লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বছর সারাদেশের ১২১টি ইংরেজি মাধ্যমের মোট ২ হাজার ৫৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯২৮ জন ‘ও’ লেভেল এবং ৬১৭ জন ‘এ’ লেভেলের শিক্ষার্থী।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ‘ও’ লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৮৪ জন, বাংলাদেশে প্রথম হওয়া ৪২ জন এবং ‘এ’ লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৯ জন ও দেশে প্রথম হওয়া ২৮ জন শিক্ষার্থী রয়েছেন।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, এখানে যারা আছেন তাদের সকলের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। আমি আশা করি আপনাদের অর্জন হবে বিশ্বব্যাপী। আপনারা দেশের নাম অনেক উজ্জ্বল করবেন। বক্তব্য শেষে তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান নুমায়ের মিজান আমিরের দাদা সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও পিতা আমির হোসেন সোহেল।

কৃতি শিক্ষার্থী নুমায়ের মিজান আমির বলেন, এই সম্মানজনক পুরস্কার পেয়ে আমি আবেগাপ্লুত। বড় হয়ে দেশের জন্য কাজ করতে চাই। দেশের সেবায় নিজের সর্বোচ্চটা দিতে চাই। আমাদের পিএইচপি ফ্যামিলিকে দেশের শীর্ষস্থানীয় পর্যায়ে নিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের বাবা-মা, পরিবার, শিক্ষক, বন্ধুরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top