বিনোদন ডেস্ক: অভিনেত্রী মনিরা মিঠু বাড়িওয়ালাদের প্রতি আরও মানবিক ও সহানুভূতিশীল আচরণের আহ্বান জানিয়েছেন। নিজেও একজন ভাড়াটিয়া হিসেবে বাসা ভাড়া নিয়ে সাধারণ মানুষের নানা ভোগান্তির কথা তুলে ধরে তিনি বলেন, সীমিত আয়ের মানুষের জন্য প্রতিবছর বাড়িভাড়া বৃদ্ধি বড় ধরনের চাপ তৈরি করে।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনিরা মিঠু জানান, প্রায় প্রতি বছরই বাসাভাড়া বাড়ানো হয়। অথচ বাসার বিভিন্ন রক্ষণাবেক্ষণের ব্যয়, সার্ভিস চার্জ এবং অনেক ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের খরচও ভাড়াটিয়াদেরই বহন করতে হয়। উল্লেখযোগ্য অঙ্কের সার্ভিস চার্জ পরিশোধের পরও নিয়মিত ভাড়া বাড়ানোর বিষয়টি অনেকের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়।
তার ভাষ্য, মানুষের আয় সব সময় বাড়িভাড়ার সঙ্গে তাল মিলিয়ে বাড়ে না। ফলে মধ্যবিত্ত ও সীমিত আয়ের পরিবারগুলোকে অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়তে হয়।
তিনি আরও বলেন, ২০২৬ সালেও অনেক বাসায় রাত ১১টার পর মূল ফটক বন্ধ করে দেওয়া হয় এবং বিশেষ অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এ ধরনের নিয়মের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, নিরাপত্তার নামে এমন বিধিনিষেধ থাকলেও অপরাধীরা অনেক সময় ঠিকই প্রবেশ করতে পারে।
সবশেষে বাড়িওয়ালাদের উদ্দেশে মনিরা মিঠু বলেন, ভাড়াটিয়াদের মানুষ হিসেবে সম্মান দেওয়া উচিত। তাদের সঙ্গে সহনশীল, সহানুভূতিশীল ও মানবিক আচরণ করলে উভয় পক্ষের জন্যই বসবাসের পরিবেশ আরও সুন্দর হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





