চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সশস্ত্র চোরাকারবারিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বিজিবি।
সোমবার (২৭ জুলাই) দুপুরে যামিনীপাড়া জোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ভোররাত আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি)। অভিযানের সময় সীমান্ত এলাকায় অবস্থানরত চোরাকারবারিদের শনাক্ত করে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে দুটি বিদেশি ও দুটি দেশীয় পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে বিজিবি সদস্যরা।
২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে টহলদল বিওপিতে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারিরা জব্দকৃত মালামাল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। প্রায় ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গোলাগুলির পর চোরাকারবারিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, যামিনীপাড়া ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদক পাচারের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





