চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ ডেভিড ইমনের দুই অন্যতম সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৬ জুলাই) রাতে অক্সিজেন-কুয়াইশ রোডের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— বায়েজিদ বোস্তামি থানাধীন ট্যানারি বটতল এলাকার মো. ইউসুফের ছেলে মো. আসিফ (২৫) ও পাহাড়তলী থানাধীন আমান বাজার এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে সাইদুল ইসলাম প্রকাশ আরিফ (২৪)।
সোমবার (২৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি আসিফ অক্সিজেন কুয়াইশ রোডের ওয়াজেদিয়া খেলার মাঠের সামনে অবস্থান করছে; এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযানে যায় পুলিশ। সেখানে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরপর তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা চট্টগ্রামের আলোচিত চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম সহযোগী।
গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও অস্ত্র আইনসহ মোট ১১টি মামলা এবং সাইদুল ইসলাম আরিফের বিরুদ্ধে ২টি চাঁদাবাজির মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ





