চাটগাঁ নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে।
সোমবার (২৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আব্দুল খালেক সাংবাদিকদের এ তথ্য জানান।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ থাকলেও ফলাফল প্রস্তুতের কাজ সম্পন্ন না হওয়ায় তা প্রকাশ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের প্রচলিত রীতি রয়েছে। এ বছর ২০ জুলাই সেই ৬০ দিন পূর্ণ হলেও ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে।
চলতি বছরের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।
এ বছর সারাদেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে।
চাটগাঁ নিউজ/এমকেএন





