সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনা: চারদিন পর আহত যুবকের মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের জলিল গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইয়াছিন আরাফাত রনি (৩০) চারদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত রনি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের লাল মিয়া সারেং বাড়ির বাসিন্দা। তিনি প্রয়াত মোহাম্মদ ইসলাম (ইসলাম ফকির)-এর ছেলে।

জানা গেছে, গত ২৪ জুলাই বিকেল ৪টার দিকে ফৌজদারহাটের জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, রনি একটি শিপইয়ার্ডে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন জানান, দুর্ঘটনায় আহত ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top