চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা প্ল্যাটফর্ম ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ চালুর মাত্র তিন দিনের মধ্যেই ১০৮টি নাগরিক সমস্যার সমাধান করা হয়েছে। যেখানে অভিযোগ জমা পড়েছে প্রায় ৫৫২টি। ইতোমধ্যে অ্যাপটির কার্যকারিতা দৃশ্যমান হওয়ায় সচেতন নগরবাসীর মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে অ্যাপটি।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৫৫২টি অভিযোগ ও আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১০৮টি সমস্যার সমাধান করা হয়েছে। বাকি অভিযোগগুলো সংশ্লিষ্ট বিভাগ পর্যায়ক্রমে নিষ্পত্তির জন্য কাজ করছে।
জানা গেছে, গত ১৮ জুলাই চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন আনুষ্ঠানিকভাবে ‘আমাদের চট্টগ্রাম’ ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপের উদ্বোধন করেন।
অ্যাপটির মাধ্যমে নগরবাসী ঘরে বসেই রাস্তা, জলাবদ্ধতা, ড্রেনেজ, বর্জ্য অপসারণ, মশার প্রজননস্থল, সড়কবাতি, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন নাগরিক সমস্যা ছবি ও জিপিএস লোকেশন সংযুক্ত করে সরাসরি চসিককে জানাতে পারছেন। একই সঙ্গে লাইভ ট্র্যাকিং ও পারফরম্যান্স ম্যাপ সুবিধার মাধ্যমে অভিযোগের বর্তমান অবস্থা এবং সমাধানের অগ্রগতিও তাৎক্ষণিকভাবে দেখা যাচ্ছে, যা সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করছে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আমাদের চট্টগ্রাম অ্যাপ চালুর পর অল্প সময়ের মধ্যেই যেভাবে নাগরিকরা সাড়া দিয়েছেন এবং মাত্র তিন দিনের মধ্যে ১০৮টি সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে, তা প্রমাণ করে প্রযুক্তিনির্ভর নাগরিক সেবাই ভবিষ্যতের পথ। আমরা চাই নাগরিকদের প্রতিটি যৌক্তিক অভিযোগ দ্রুততম সময়ে সমাধান হোক এবং তারা ঘরে বসেই সেবার অগ্রগতি দেখতে পারেন।
মেয়র বলেন, ‘আমাদের চট্টগ্রাম’ শুধু একটি অ্যাপ নয়, এটি নাগরিক ও সিটি করপোরেশনের মধ্যে একটি ডিজিটাল সেতুবন্ধন। স্মার্ট, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক চট্টগ্রাম গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি নগরবাসীকে অ্যাপটি ব্যবহার করে নিজ নিজ এলাকার সমস্যা জানাতে এবং একটি বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলার অংশীদার হওয়ার আহ্বান জানাই।
তিনি বলেন, ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, বিভিন্ন সনদের জন্য অনলাইন আবেদন, জরুরি সেবা, মেয়রের সঙ্গে যোগাযোগসহ আরও বিভিন্ন নাগরিক সেবা যুক্ত করা হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি ব্যবহার করে শহরের বিভিন্ন সমস্যা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও সমাধান ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে।
চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন জানান, ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে নাগরিক অভিযোগ নিষ্পত্তির পাশাপাশি উন্নয়ন সংক্রান্ত পরামর্শ, জনমত গ্রহণ, ওয়ার্ডভিত্তিক সমস্যা বিশ্লেষণ এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগও তৈরি হয়েছে। ফলে চট্টগ্রামকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও স্মার্ট নগরীতে রূপান্তরের যাত্রায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





