রাঙ্গুনিয়ায় বন্দুক-কার্তুজসহ তিন যুবক গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি : দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দুইটি দেশীয় একনলা বন্দুক, দুইটি তাজা ১২ বোর কার্তুজ ও দুইটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরফভাটা ইউনিয়নের সৈয়দুরখীল এলাকায় ইউসুফের চায়ের দোকানের পেছনে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সরফভাটা ইউনিয়নের সৈয়দুরখীলের এজাহার মিয়া ফকিরের বাড়ির মৃত সুলতান আহাম্মদের ছেলে মো. আরিফ (২৬), একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বড়খোলা মিরেরখীলের মৃত মো. কামালের ছেলে মো. মনির হোসেন (২৩) ও বড়খোলা মিরেরখীলের মো. হোসেনের ছেলে মো. রাকিব (১৫)।

‎‎মামলার এজাহারে বলা হয়েছে, সরফভাটা ইউনিয়নের সৈয়দুরখীল এলাকায় ইউসুফের চায়ের দোকানের পেছনে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছে এমন সংবাদ পেয়ে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়।

‎‎তল্লাশিকালে আরিফের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক, মনির হোসেনের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক এবং রাকিবের কাছ থেকে দুইটি তাজা ১২ বোর কার্তুজ ও দুইটি ব্যবহৃত (খালি) ১২ বোর কার্তুজ উদ্ধার করে পুলিশ।

‎‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে পাহাড়ি এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে দক্ষিণ রাঙ্গুনিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার উদ্দেশ্যে নিজেদের কাছে রেখেছিল বলে স্বীকার করেছে।

‎দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এসএ

Scroll to Top