চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে ১৩ বছরের এক শিক্ষার্থীকে নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে র্যাব-৭। সোমবার নগরীর চান্দগাঁও এলাকা থেকে রফিকুল ইসলাম নামে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রফিকুল ইসলাম চান্দগাঁও থানার বাহির সিগন্যাল বেপারীপাড়া শ্যামলী আবাসিক এলাকার মদিনা মনোয়ারা সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার শিক্ষক। তিনি বান্দরবান জেলার লামা থানার কেয়াজুপাড়া এলাকার মো. একরামের ছেলে।
মঙ্গলবার (২১ জুলাই) র্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন জানান, গ্রেফতার রফিকুল ইসলাম গত ২ জানুয়ারি থেকে ৯ জুলাই পর্যন্ত মাদ্রাসার হিফজ বিভাগের এক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার যৌন নিপীড়ন করেছেন। এ ঘটনায় ভিকটিমের মা গত শনিবার চান্দগাঁও থানায় মামলা করেন। এরপর চান্দগাঁওয়ের বাগির সিগন্যাল এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
চাটগাঁ নিউজ/এসএ






