চাটগাঁ নিউজ ডেস্ক : বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিক বৃত্তি অর্জন এবং উচ্চমানের গবেষণায় সাফল্যের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৭৭ জন শিক্ষক ও শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্ট্যাডি সোসাইটি (সিইউআরএইচএস) এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ইনোভেশন হাবে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ট্রপিক্যাল ডিজিজ রিসার্চ প্রোগ্রামের কনসালট্যান্ট সায়েন্টিস্ট অধ্যাপক ড. এমরান বিন ইউনুস।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান ও সক্ষমতার পরিচয় বহন করে।
গবেষণাভিত্তিক শিক্ষা ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষা শেষে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, বিদেশে উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা যে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করছেন, তা দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সিইউআরএইচএস-এর মডারেটর অধ্যাপক ড. আদনান মান্নান আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের তথ্য এবং গবেষণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থান তুলে ধরেন। এছাড়া বিদেশে উচ্চশিক্ষার অভিজ্ঞতা ভাগাভাগি করেন অধ্যাপক ড. অলক পাল, অধ্যাপক ড. কাজি তানভীর আহাম্মেদ ও অধ্যাপক ড. শাহনেওয়াজ চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য দেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. শাহাবুদ্দিন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, সিইউআরএইচএস’র সাধারণ সম্পাদক অমিত চৌধুরী, যুগ্ম সম্পাদক দিদারুল মহসিন ও গবেষণা বিষয়ক সম্পাদক সামির ইসলাম।
আয়োজকরা জানান, চলতি বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৭ জন শিক্ষক ও শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য আন্তর্জাতিক বৃত্তি অর্জন করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন কমনওয়েলথ স্কলারশিপপ্রাপ্ত দুইজন, ইরাসমাস মুন্ডুস স্কলারশিপপ্রাপ্ত তিনজন, মনবুশো স্কলারশিপপ্রাপ্ত চারজন এবং অস্ট্রেলিয়ান সরকারি স্কলারশিপপ্রাপ্ত তিনজন। সবচেয়ে বেশি শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, আন্তর্জাতিক সম্পর্ক এবং ফার্মেসি বিভাগ থেকে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষকের গবেষণাপত্র বিশ্বের শীর্ষস্থানীয় সাময়িকী দ্য ল্যানসেট, নেচার কমিউনিকেশনস এবং পিএনএএস সহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়েছে। উচ্চ ইমপ্যাক্ট ফ্যাক্টরসম্পন্ন গবেষণাপত্র প্রকাশ এবং সর্বাধিক সাইটেশনের জন্য অধ্যাপক ড. খাদিজা মিতু, অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী, অধ্যাপক ড. সুমন গাঙ্গুলি, অধ্যাপক ড. কমল দে, ড. অলি আহমেদ, ড. শহিদুল্লাহ কায়সার, অধ্যাপক ড. মাসুদ কামাল এবং ড. হুমায়ুন কবিরকে সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়া বিশ্বব্যাংকের হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অ্যাওয়ার্ডপ্রাপ্ত, আন্তর্জাতিক সম্মেলনে পুরস্কার পাওয়া গবেষক এবং উচ্চপ্রভাবসম্পন্ন আন্তর্জাতিক সাময়িকীতে গবেষণাপত্র প্রকাশকারী শিক্ষক-গবেষকদেরও সম্মাননা জানানো হয়।
চাটগাঁ নিউজ/এসএ





