সাংবাদিককে হুমকি— বহিষ্কার স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দেয়া সেই মুমিন!

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারীর চৌধুরীহাট নার্সিংহোমের ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হুমকি ও বাধার সম্মুখীন হন সিপ্লাস টিভির প্রতিনিধি মো. শোয়াইব। তাকে হুমকি ও বাধা প্রদান করেন স্বেচ্ছাসেবক দলের নেতা পরিচয় দেওয়া মো. মুমিনুল হক।

এ ঘটনায় সিপ্লাস টিভি ও চাটগাঁ নিউজে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্টদের। ফলে তাকে উপজেলার উত্তর মাদার্শা স্বেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আসিফ মিজানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্যটি জানা গেছে।

স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়— সাংগঠনিক মিথা পরিচয় ও দলের নাম ভাঙিয়ে হুমকি ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা করার সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে স্থায়ীভাবে এই বহিষ্কারাদেশ দেয়া হয়েছে।

যেখানে আরও বলা হয়,  উপজেলা সভাপতি মোহাম্মদ ফোরকান চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দীন তালুকদারের নির্দেশনায় মুমিনুল হকের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে এক প্রসূতিকে ভুল ইনজেকশন পুশ করে পাঁচ মাসের গর্ভের সন্তানকে মৃত প্রসব করানোর অভিযোগ উঠে চৌধুরীহাট নার্সিংহোমের বিরুদ্ধে। পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করতে গেলে সিপ্লাস প্রতিনিধির ওপর চড়াও হন মুমিনুল হক নামের ওই কথিত নেতা।

চাটগাঁ নিউজ/শোয়াইব/জেএইচ

Scroll to Top