চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার পেছনের সতীশ বাবু লেনে রিকশাযাত্রীকে ছুরি দেখিয়ে জিম্মি করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ সময় পকেট থেকে টাকা ও মুঠোফোন বের করতে না পেরে এক ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে ওই যাত্রীর পকেট কেটে নেয়। পুরো ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রায় এক মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, রিকশা থামিয়ে দুই ব্যক্তি এক যাত্রীকে ঘিরে রেখেছেন। তাদের একজন হাতে ছুরি নিয়ে ওই যাত্রীকে জিম্মি করে রাখেন। অপরজন তার প্যান্টের ডান পকেট থেকে জিনিসপত্র বের করার চেষ্টা করেন।
এ সময় আতঙ্কিত ওই যাত্রীকে বলতে শোনা যায়, ‘আরে ভাই, দিতাছি তো।’ তবে তিনি নড়াচড়া করায় একপর্যায়ে তার বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করার দৃশ্যও দেখা যায়। পরে পকেট থেকে কিছু বের করতে না পেরে ধারালো ছুরি দিয়ে প্যান্টের পকেট কেটে ফেলেন ওই ব্যক্তি।
এর মধ্যে আশপাশের ভবন থেকে কয়েকজন বাসিন্দা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। ‘এই, এই, মার-মার’—এমন চিৎকার শোনা যায় ভিডিওতে। পরে দুই ব্যক্তি দ্রুত একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ছিনতাইকারীরা ওই রিকশাযাত্রীর কাছ থেকে টাকা ও মুঠোফোন নিয়ে যায়। তবে ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাটি শনিবার ভোরের বলে দাবি করা হলেও এর সঠিক সময় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। তবে এ বিষয়ে কোনো ভুক্তভোগী থানায় আসেননি। বিষয়টি জানার পর আমরা এলাকায় টহল জোরদার করেছি।’
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






