হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার
ওয়াসিম হত্যা

চাটগাঁ নিউজ ডেস্ক : ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

সোমবার (২৯ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। শুনানিতে আসামিপক্ষে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান ও আবদুল কাইয়ুম। অন্যদিকে, পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম শুনানি করেন।

শুনানিতে আসামিপক্ষের দাবি, এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান নেই এবং তদন্তও যথাযথভাবে সম্পন্ন হয়নি। অন্যদিকে প্রসিকিউটর ফারুক আহাম্মদ প্রসিকিউশনের পক্ষে আদালতে বলেন, মামলায় অভিযোগ গঠনের জন্য প্রয়োজনীয় প্রাথমিক উপাদান বিদ্যমান রয়েছে। তিনি আদালতের কাছে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান।

সূত্র মতে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ছাড়া পলাতক অন্য আসামিরা হলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ এবং সুমন দে।

এ মামলায় গ্রেফতার হওয়া পাঁচ আসামি হলেন- সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ এবং দেবাশীষ পাল দেবু। মামলার সব আসামিই আওয়ামী লীগ এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের রাজনীতির সঙ্গে যুক্ত বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কার্যক্রম শেষে গত ২ এপ্রিল তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন প্রসিকিউশন কার্যালয়ে জমা দেয়। পরে প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে দাখিল করে প্রসিকিউশন।

মামলায় আসামিদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত এবং মো. ফারুককে হত্যা করা হয়। দ্বিতীয় অভিযোগে ২০২৪ সালের ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন এবং হৃদয় চন্দ্রকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগে বলা হয়েছে, একই ঘটনাপ্রবাহে শতাধিক মানুষ গুরুতর আহত হন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top