স্ত্রীর মৃত্যুর ঘটনায় রিমান্ডে অভিনেতা যাহের আলভী

বিনোদন ডেস্ক: ঢাকার মিরপুরে নিজ বাসা থেকে স্ত্রী ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক (ইন্সপেক্টর) আব্দুল মালেক আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, যাহের আলভী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রী ইকরাকে উদ্দেশ্য করে অপমানজনক, মানসিকভাবে আঘাতমূলক ও উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিতেন। এছাড়া বিবাহিত থাকা সত্ত্বেও গত ২৭ ফেব্রুয়ারি অন্য এক নারীর সঙ্গে ছবি প্রকাশ করে উসকানিমূলক মন্তব্যসহ পোস্ট করেন। মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অন্যান্য তথ্য যাচাইয়ের স্বার্থে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৮ জুন যাহের আলভী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরও আগে, গত ৪ জুন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে আত্মসমর্পণ করে জামিন পান যাহের আলভীর মা নাসরিন সুলতানা।

মামলার সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে বেলা পৌনে ১২টার দিকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ইকরার বাবা কবির হায়াত খান ওই দিন রাতেই পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top