সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।

রবিবার (২৮ জুন) দেশটির পূর্বাঞ্চলের রাস তানুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্য অনুযায়ী, বিধ্বস্ত হেলিকপ্টারটি সৌদি আরামকোর মালিকানাধীন ছিল। তবে নিহতদের পরিচয় কিংবা দুর্ঘটনার সময় তারা কী দায়িত্ব পালন করছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক উত্তেজনার কারণে প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার পারস্য উপসাগরে অবস্থিত রাস তানুরা টার্মিনালে অপরিশোধিত তেল লোডিং কার্যক্রম পুনরায় চালু করে সৌদি আরামকো। এর মাত্র দুই দিনের মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top